ময়মনসিংহে বন্ধুকে কুপিয়ে হত্যার পর কুড়াল হাতে থানায় হাজির তরুণ

ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামের এক তরুণকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তাঁর বন্ধু অহিদুল ইসলামের (২২) বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, মুনতাসির ফাহিম মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। চার মাস আগে দেশে এসেছিলেন। আগামী শনিবার তিনি পুনরায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল; ২৫ ডিসেম্বর ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে অহিদুল ইসলাম ‘চায়নিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় হাজির হন। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম আমার জীবন নষ্ট করেছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে হত্যা করেছি।’ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর অহিদুলের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে পৌঁছায়। মাঠের পূর্ব পাশের পানির ট্যাংকের পাশে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘কেন আমার ছেলেকে হত্যা করল জানি না। কী কারণে ক্ষোভ ছিল? আমার ছেলে তো দেশে থাকত না। এমন নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করল।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ওই দুই তরুণ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হত্যার পর অভিযুক্ত তরুণ থানায় এসে জানায়, তাঁর জীবন নষ্ট হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন। এর বেশি কিছু জানাননি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আটক তরুণকে জিজ্ঞাসাবাদ করে হত্যার প্রকৃত কারণ বের করা হবে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।