মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ, একমাত্র কন্যাশিশু রেখে মারা গেলেন মা-বাবা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ গৃহবধূ ইতি বেগম (৩০) এবং তাঁর স্বামী মো. রিপন (৪০) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে এই ঘটনার মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুজন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক জানান, আজ ভোরের দিকে ওই গৃহবধূ, তাঁর স্বামী ও শিশুসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিট ভর্তি দেওয়া হয়েছে।

ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রিপন মারা যান। এর আগে, বিকেলে ৪৫ শতাংশ দগ্ধ হয়ে তাঁর স্ত্রী ইতি বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাদের একমাত্র শিশুকন্যা রাফিয়া ((৪)) ৯০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার শ্বাসনালীও পুড়ে গেছে, যার ফলে তার অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) রাত ১টার দিকে যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কের গলির ভেতরে একটি বাসায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় ওই গৃহবধূ, তাঁর স্বামী ও শিশুসহ তিনজন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ভোরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে।

ধারণা করা হচ্ছে বাসায় লিকেজের কারণে হয়তো গ্যাস জমে ছিল। রাতে মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

রিপন, তাঁর স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তান রাফিয়াকে নিয়ে যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন। রিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।