‘মাথার খুলি উড়ায় ফেলব, আমি কিন্তু রায়হান’

চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি এবং ‘সন্ত্রাসী’ পরিচয়ে পরিচিত মোহাম্মদ রায়হান। সম্প্রতি নগরের কালুরঘাট এলাকার এক ওষুধ ব্যবসায়ী মো. রিদুয়ানকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়ে তিনি আতঙ্ক ছড়িয়েছেন। ফোনালাপে রায়হান নিজেকে ‘ঢাকাইয়া আকবর খুনের মামলার ২ নম্বর আসামি’ পরিচয় দিয়ে বলেন, মাথার খুলি উড়ায় ফেলব-আমি কিন্তু রায়হান! আকবর সি-বিচে কেমন পড়ে ছিল, তুইও থাকবি।

রায়হান মূলত কারাবন্দি ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী, যিনি আবার পলাতক বড় সাজ্জাদ আলীর অনুসারী। এই চক্রের বিরুদ্ধে রয়েছে খুন, চাঁদাবাজিসহ নানা অভিযোগ। গত শুক্রবার মোহরায় চাঁদার জন্য এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বড় সাজ্জাদ আলী ২০০০ সালের আলোচিত আট ছাত্রলীগ নেতা খুনের মামলার আসামি ছিলেন। মৃত্যুদণ্ডের রায় পেলেও উচ্চ আদালতে খালাস পান। বর্তমানে তিনি বিদেশে পলাতক। তার নির্দেশে নগরের বিভিন্ন এলাকায় অপরাধ চালায় ছোট সাজ্জাদের বাহিনী, যার অন্যতম নেতৃত্বে রয়েছেন রায়হান।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রায়হানের নামে অন্তত ১৩টি মামলা হয়েছে, যার ছয়টি হত্যা মামলা। তার বিরুদ্ধে রাউজান, বাকলিয়া, চান্দগাঁও, পতেঙ্গা ও হাটহাজারীতে একাধিক খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কালুরঘাটের ব্যবসায়ীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে একটি সামান্য ঝগড়াকে কেন্দ্র করে। পরে রায়হান ফোনে ব্যবসায়ীকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তার অনুসারীদের ‘মারধরের’ জবাব দাবি করে খুনের হুমকি দেন। পুরো ফোনালাপ চলে প্রায় ৬ মিনিট, যেখানে বারবার নিজের অপরাধমূলক পরিচয় তুলে ধরেন তিনি।

ওই ব্যবসায়ী থানায় কোনো অভিযোগ না করলেও পুলিশ বলছে, ঘটনাটি তাদের জানা আছে এবং রায়হানকে গ্রেপ্তারের অভিযান চলছে। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, রায়হান ও তার সহযোগীরা মোহরার গুলির ঘটনাসহ বিভিন্ন অপরাধে জড়িত।

পুলিশ আরও জানায়, গত বছর এক হত্যা মামলায় কারাগারে গিয়ে ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের পরিচয় হয়। জামিনে মুক্তির পর দুজনই সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে সাজ্জাদ ফের কারাগারে থাকলেও তার অস্ত্রভাণ্ডার রায়হানই দেখভাল করছে।

সাম্প্রতিক অভিযোগ ছাড়াও, রায়হানের বিরুদ্ধে রয়েছে—২৩ মে ঢাকাইয়া আকবর খুনে গুলির প্রধান অভিযুক্ত, ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন, ২২ এপ্রিল রাউজানে যুবদলকর্মী ইব্রাহিমকে হত্যা, ২৯ আগস্ট নগরের অক্সিজেন-হাটহাজারীর পশ্চিম কুয়াইশে দুই বন্ধু মো. মাসুদ ও মো. আনিছকে হত্যা, ২১ সেপ্টেম্বর চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী তাহসীনকে হত্যা।

ব্যবসায়ীকে হুমকির অভিযোগের বিষয়ে জানতে রায়হানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।