ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা তমা মির্জা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ভালো কাজের স্বীকৃতি পেতে দেরি হলেও তিনি এতে খুশি ও কৃতজ্ঞ। একইসঙ্গে নতুন সিনেমার ঘোষণা শিগগিরই আসবে বলেও জানিয়েছেন তিনি।
তমা বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি অনেক সময় আগে পাওয়া যায়, আবার কারও ক্ষেত্রে দেরিতে আসে। আমি যেটুকু পেয়েছি, সেটা আলহামদুলিল্লাহ। এটা দেরিতে হলেও পেয়ে গেছি, এটাই আমার জন্য বড় প্রাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন। খুব শিগগিরই অফিশিয়ালি জানানো হবে আমার পরবর্তী ছবির ঘোষণা।’
তিনি জানান, তার পরবর্তী সিনেমাটি ভালো কিছু হবে এবং তা পারিবারিকভাবে উপভোগ করার মতোই হবে। তবে ব্যক্তিজীবনে এখনই বিয়ের পরিকল্পনা নেই বলে জানান এই অভিনেত্রী। কাজেই মনোযোগ দিতে চান তিনি।
তমার ভাষায়, ‘বিয়ের বিষয়ে এখনো তেমন কোনো পরিকল্পনা নেই। আমি চাই মন দিয়ে কাজ করতে। এর মাঝে অন্য কিছুতে মন দিতে চাই না। ভালো ভালো কাজ করতে চাই। জন্ম, মৃত্যু, বিয়ে—এসব তো আল্লাহ ঠিক করে রাখেন। কখন হবে, আমি জানি না। যখন হওয়ার তখনই হবে। তাই এসব নিয়ে তাড়াহুড়ো করতে চাই না।’
এর পাশাপাশি আলোচিত ছবি ‘সুড়ঙ্গ’-এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে তমা বলেন, ‘সুড়ঙ্গ টুর একটা আভাস আমরা পেয়েছি। এটা অবশ্যই আসবে হয়তো খুব তাড়াতাড়ি। তবে এখনো আমার সঙ্গে প্রোডাকশন হাউজ কিংবা পরিচালকের কারো সঙ্গে তেমন কোনো আলোচনা হয়নি। যদি আমি এতে যুক্ত হই, তাহলে সবাই জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ—দুজনই বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তমার ভাষায়, ‘আমি তো সবসময় বলি, মাসুদরা কখনও ভালো হয় না, ময়নাও ভালো হয় না। মাসুদ-ময়নারা আমাদের সমাজের আনাচে-কানাচে রয়েছে। যেমন ময়না লোভী ছিল, বাস্তবেও এমন অনেক লোভী মানুষ আছে। মাসুদ বোকা ছিল, স্ত্রীকে বিশ্বাস করত, পরে ঠকেছে—এরকম ঘটনাও সমাজে কম নয়। শেষে সে প্রতিশোধ নেয়, এমন চরিত্র আমাদের চারপাশেই আছে।’
খবরওয়ালা/এন



