মিয়ানমারে জরুরি ত্রাণের দ্বিতীয় চালান পাঠাল বাংলাদেশ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানযোগে এসব ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সহায়তা পাঠানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, এ মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসাদল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫। এ ছাড়া তিনটি বিমানে ৩৭ জন ক্রু রয়েছেন।

উদ্ধার ও চিকিৎসাদল তাদের স্বনির্ভর সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন।

এ ছাড়া ভূমিকম্প-আক্রান্ত জনগণের জন্য ৮ টন শুকনো খাবার, দুই দশমিক ৫ টন পানি, ৪ টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং এক দশমিক ৫ টন ত্রাণকেন্দ্রের তাঁবু পাঠানো হয়েছে।

এর আগে রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণসামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল পাঠানো হয়েছিল।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।