মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালের দিকে পূর্বাচল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা।

নিহতরা হলেন- রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের জসিম উদ্দিনের ছেলে আবরার কবির দিপ (২১) ও শ্যাওড়াপাড়া এলাকার সেকান্দারের ছেলে সুমন (২০)।

আহত অবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাব্বি (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ পরিদর্শক সোহেল রানা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সোহেল রানা বলেন, পূর্বাচলে ৩০০ ফুট সড়কে পাশাপাশি দুইটি মোটরসাইকেলে প্রতিযোগিতা চলছিল। সড়কটির কাঞ্চনমুখী লেনে অতিরিক্ত গতির মোটরসাইকেল দুইটি নিয়ন্ত্রণ হারালে একটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে দুইজন মারা যান এবং পরে রাব্বিকে কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

হতাহতরা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে, আগেই মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। পরে মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।