খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার থেকে কুমিরাঘোনার চাকফিরানীর কালিনগর এলাকায় ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ও আহতরা হলেন-বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দীন (৫৫) এবং তার দুই ছেলে ফয়সাল (২৫) ও মিশাল (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে রফিক উদ্দীন ও দুই ছেলেসহ ব্যক্তিগত কাজ শেষ করে মনুফকির বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছকাছি কালা গোদারপুল এলাকায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রফিক ও মিশাল গুলিবিদ্ধ হয়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা এগিয়ে এসে তাদের দা দিয়ে কোপাতে শুরু করে। ভাই ও বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ফয়সাল। তাক লক্ষ্য করেও গুলি ছুড়ে হামলাকারীরা।
খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আহতদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এফএস