যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রথম দল ঢাকায় ফিরেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কড়া অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় অবৈধ বাংলাদেশিদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এই ফ্লাইটটি ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক চার্টার এয়ারলাইন্স গ্রিফন এয়ারের (GRP-26)। প্রতিষ্ঠানটি মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার ফ্লাইট পরিচালনা করে থাকে। এর আগে তারা অবৈধ নেপালি অভিবাসীদের ফিরিয়ে দেওয়ার কার্যক্রমেও যুক্ত ছিল।

প্রথম দফায় পাঁচজন অবৈধ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার একজন, নোয়াখালীর দুইজন, চট্টগ্রামের একজন ও সিলেট জেলার একজন নাগরিক। এই পাঁচজনের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

সূত্র আরও জানায়, এই ফ্লাইটটি মূলত শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও, কারিগরি বা প্রশাসনিক কারণে বিলম্ব ঘটে এবং তা শনিবার দুপুরে এসে পৌঁছায়। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের আওতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও অবৈধ অভিবাসীদের শনাক্ত করে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকদের এইভাবে ফেরত পাঠানো হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রে বসবাসরত আরও অবৈধ বাংলাদেশি অভিবাসীদেরও পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট প্রশাসন ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করেছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।