যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় ৫০ হাজার টাকা যৌতুক না দেওয়ায় গৃহবধূ ডালিয়া বেগম হত্যা মামলায় ২৩ বছর পর স্বামী টিটুর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মামলার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় টিটুর মা আমেনা বেগম ও ভাই শাহ আলমকে খালাস দিয়েছেন আদালত। 

রবিবার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। 

নারী শিশু আদালত ৪ এর সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ দিন আসামির উপস্থিতিতে আদালত রায় দেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠান।

নিহতের বাবা মো. রোস্তম আলী ২০০২ সালের ১২ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ডালিয়া বেগমের সঙ্গে ১৯৯৭ সালে টিটুর বিয়ে হয়। বিয়ের পর থেকে টিটুসহ তার পরিবারের অন্যান্য আসামিরা ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ডালিয়াকে নির্যাতন করতো। নির্যাতনের কারণে ডালিয়া আদালতে যৌতুকের মামলা করেন। পরবর্তীতে আপস করে মামলাটি প্রত্যাহার করে সংসার শুরু করেন। আসামিরা পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুক না দেওয়ায় ২০০২ সালের ৭ সেপ্টেম্বর সকালে টিটু ডালিয়ার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। টিটুর ভাই শাহ আলম, বোন জীবনী, ভাই মোস্তফা, মা আমেনা বেগম টিপুকে সহযোগিতা করেন। ভুক্তভোগীর পুরো শরীরে আগুন লেগে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়ে জ্ঞান হারান। আশপাশের ভাড়াটিয়ারা চিৎকার শুনে তাকে হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর মারা যান।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।