রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর বাস চাপায় লিপি বেগম (৪৫) ও হাজারীবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যান ধাক্কায় রুহুল আমিন তাসিন (২৫) নিহত হন।  আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন মটরসাইকেল আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এসআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।