রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দুটি মাথা নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির জন্ম হয়। জন্মের পরই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে সেখানে ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির মা সুমাইয়া খাতুন এবং বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।
পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যথা শুরু হলে সুমাইয়াকে দ্রুত রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন, যার দেহ একটিই হলেও মাথা রয়েছে দুটি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। দুই মুখমণ্ডল থাকায় রয়েছে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। এখন আমাদের প্রধান কাজ হলো তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।’
চিকিৎসকরা জানান, এমন জন্মগত ত্রুটি সাধারণত জটিল এবং চিকিৎসা ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খবরওয়ালা/এসআই



