লোকসানে থাকা ৪ স্থলবন্দর বন্ধ করবে সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব স্থলবন্দর তেমন আমদানি-রফতানি কার্যক্রম চালাচ্ছে না এবং লোকসানে চলছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (৯ আগস্ট) সকালে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করার পরিকল্পনা ছিল, যার মধ্যে ইতোমধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। বর্তমানে কার্যকর বন্দর ১২ থেকে ১৪টির বেশি নয়। এমন বন্দরে যেখানে বছরে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তার চেয়ে অনেক বেশি, সেখানে আধুনিকায়ন করার কোনো লাভ নেই।’

তিনি আরও জানান, ‘যেসব বন্দর কার্যকর এবং বড়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দর বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা চলছে।’

এর আগে, হিলি স্থলবন্দরের সভাকক্ষে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন উপদেষ্টা। ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়্যারহাউজ ও অবকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।

পরিদর্শন শেষে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।