শর্ত মেনে আবারও ‘রেডিও বেগম’ সম্প্রচারে ফিরছেন আফগান নারীরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারের সম্প্রচার ‘সাংবাদিকতার নীতিমালা’ মেনে চলাসহ বেশ কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর আফগান নারীদের পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তালেবান সরকার। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনের প্রেক্ষিতে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করা ‘রেডিও বেগম’ পাঁচ মাস পর তালেবানের ক্ষমতা দখলের পরও সম্প্রচার চালিয়ে যাচ্ছিল। তবে, ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার।  

গতকাল শনিবার রাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রেডিও বেগম কর্তৃপক্ষ সম্প্রচার পুনরায় শুরু করার জন্য একাধিকবার আবেদন করেছে। অবশেষে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, তাদের সম্প্রচার ‘সাংবাদিকতার নীতিমালা এবং ইসলামিক আমিরাতের বিধি অনুযায়ী পরিচালিত হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের লঙ্ঘন করা হবে না। এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।  

তবে, তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

প্রসঙ্গত, ‘রেডিও বেগম’-এর সম্পূর্ণ অনুষ্ঠান নারীদের দ্বারা প্রস্তুত করা হয়। এর একটি সহযোগী স্যাটেলাইট চ্যানেল, ‘বেগম টিভি’, ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগানিস্তানের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম সম্প্রচার করে।  তালেবান সরকার নারীদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে, যার ফলে বেগম টিভি এমন এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে মেয়েরা গোপনে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।