শূন্য হাতেই উত্তাল সমুদ্র ত্যাগ করছে মৎস্য শিকারিরা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাবে কুয়াকাটাসহ উপকূলীয় সমুদ্র অঞ্চল উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তোড়ে নিরাপত্তার কথা বিবেচনায় মাছধরার ট্রলারগুলো দ্রুত তীরে ফিরতে শুরু করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালীর আলীপুর-মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদীর দুপাশে শত শত ট্রলার নোঙর করে আছে। রাতের আঁধারে ট্রলারগুলোর লাল, নীল ও সবুজ বাতির আলোয় দৃশ্যপট রঙিন শহরের মতো মনে হয়।

এদিকে, নদনদীর পানির স্তর কিছুটা বেড়েছে, আকাশজুড়ে ঘন মেঘ এবং থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। যেকোনো সময় উপকূল দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র পরিস্থিতি অনুকূলে না থাকায় উপকূলীয় এলাকার প্রায় সব ট্রলারই নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী জানান, বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। অধিকাংশ ট্রলার ইতোমধ্যে ফিরেছে, বাকি দু-একটি ট্রলারও রাতের মধ্যে তীরে পৌঁছাবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। উপকূলজুড়ে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।