শ্রীলঙ্কাকে থাকতে রাজি করালেন পাকিস্তানের সেনাপ্রধান!

ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফর হুমকির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করে সফরটি রক্ষা করেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সিনেটে জানান, হামলার পর শ্রীলঙ্কার খেলোয়াড়দের মধ্যে প্রবল অনীহা সৃষ্টি হয়। তারা তৎক্ষণাৎ দেশে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন। ঠিক তখনই পাকিস্তান সেনাবাহিনীর প্রধান স্বয়ং শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরাপত্তার সম্পূর্ণ নিশ্চয়তা দেন।

এই আশ্বাস পাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায়। নাকভি বলেন, “ফিল্ড মার্শাল মুনির সরাসরি কথা বলেছেন, সব উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন। খেলোয়াড়দের উদ্বেগ ছিল স্বাভাবিক। কিন্তু তারা সাহস দেখিয়েছেন এবং থাকার সিদ্ধান্ত নিয়েছেন।”

পাকিস্তান সরকার জানায়, শ্রীলঙ্কা দলের জন্য রাষ্ট্রপতির সমপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তান আর্মি, রেঞ্জারস ও ইসলামাবাদ পুলিশ যৌথভাবে তাদের নিরাপত্তা দিচ্ছে।

মঙ্গলবার ইসলামাবাদের যেখানে হামলা চালানো হয়, সেই একই শহরেই ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। নিরাপত্তাজনিত কারণে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। আজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

এই সিরিজ শেষে পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল। পরে শ্রীলঙ্কাই প্রথম দেশ হিসেবে আবার পাকিস্তান সফরে যায়—এমন ঐতিহাসিক সম্পর্কের কারণেই এবারের সিদ্ধান্ত আরও তাৎপর্যপূর্ণ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।