সাবেক বিমানবাহিনী প্রধান হান্নানের ব্যাংক হিসাব ফ্রিজ, সাবেক এমপিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আর শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদারসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ শনিবার এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

দুদক লিখিতভাবে আদালতকে বলেছে, শেখ আবদুল হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। সর্বশেষ তাঁর ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। আদালত শুনানি নিয়ে সাবেক বিমানবাহিনীর এই প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

সাবেক এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সংসদ সদস্য আতিকুর রহমান ও তাঁর স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। দুদকের আবেদনে বলা হয়, আতিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শুনানি নিয়ে আদালত আতিকুর ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

মনোয়ারাসহ ১৫ জনের নিষেধাজ্ঞা
সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা হক সিকদার, তাঁর মেয়ে পারভীন হক সিকদারসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

বাকি যে ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ শরীফ উজ্জামান, ইসমাইল, ফজলে রাব্বি, তাওসিফ সাইফুল্লাহ, আরিফ হাসান, সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন ও রজব আলী।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা থেকে ব্রডওয়ে রিয়েল এস্টেটের নামে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৪৯০ টাকা ঋণ দিয়ে সেটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ ঘটনার সঙ্গে জড়িত মনোয়ারা, পারভীনসহ ১৫ জন বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।