সিরাজগঞ্জে ট্রাক থামিয়ে গ্যাস সিলিন্ডার ও নগদ টাকা লুট, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ৪০০টি গ্যাস সিলিন্ডার, তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪৮টি সিলিন্ডার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান তিনজনের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা (৪৬)। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৪৮টি সিলিন্ডার ডাকাতি হওয়া ৪০০টি সিলিন্ডারেরই অংশ।
মামলা ও পুলিশ সূত্র জানায়, গত ৭ অক্টোবর গভীর রাতে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত ৩টার দিকে ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একদল সশস্ত্র ডাকাত সেটির গতিরোধ করে। দুর্বৃত্তরা ট্রাকে উঠে চালক আসিফ ও তার সহযোগীকে ধারালো ছুরির মুখে জিম্মি করে ফেলে এবং ট্রাকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
এরপর ডাকাত দল ট্রাকটিকে চালিয়ে ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস সংলগ্ন একটি কবরস্থানের পাশের ফাঁকা নির্জন রাস্তায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা দুটি মিনিট্রাকে লুট করা ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নেয় তারা। যাওয়ার সময় চালক ও হেলপারের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও ৮৬ হাজার নগদ টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পর নারায়ণগঞ্জের অধিবাসী ও সিলিন্ডারের মালিক মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট সিলিন্ডারগুলো উদ্ধারে অভিযান জারি রেখেছে পুলিশ।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।