ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাত ৮টার পর জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
বুধবার (১৪ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ফেসবুক পোস্টে তিনি জানান, সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ঢাবি প্রশাসন ও উদ্যানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে একটি আতঙ্কের জায়গা থেকে নিরাপদ ও সুশৃঙ্খল স্থানে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গৃহীত সিদ্ধান্তসমূহ:
১. রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ থাকবে।
২. অবৈধ দোকান উচ্ছেদ, মাদক বেচাকেনা বন্ধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করবে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৩. নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনার জন্য একটি সমন্বিত কমিটি গঠন করা হবে।
৪. উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা বসানো এবং তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।
৫. একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।
৬. রমনা পার্কের আদলে সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে।
৭. রাত ৮টার পর জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
অবিলম্বে এসকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত গুরুত্বসহকারে চলছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, এসব উদ্যোগ সফল করতে সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে।
খবরওয়ালা/আরডি



