স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে ধর্ষককে কুপিয়ে হত্যার স্বীকারোক্তি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দায় স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে রাজীব তালুকদার (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক যুবক। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক কামাল হোসাইন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। জেলা আদালতের পুুলিশ পরিদর্শক-১ মো. মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল চারটার দিকে শুরু হয়ে রাত পৌনে আটটা পর্যন্ত আসামির জবানবন্দি গ্রহণ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত রাজীব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে জবানবন্দি দেওয়া যুবকও একই ইউনিয়নের বাসিন্দা। 

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের একটি গ্রামীণ সড়কের পাশ থেকে রাজীবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই যুবককে আটক করা হয়। পরে নিহত রাজীবের স্ত্রী মিনা রানী তালুকদার বাদী হয়ে থানায় মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আজ বিকেলে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তিনি স্বীকারোক্তি দেন। তিনি বলেন, নিহত রাজীব এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁর নামে বিভিন্ন থানায় পাঁচটি চুরি ও মাদক মামলা আছে। রাজীব বিবাহিত হলেও এলাকায় বিভিন্ন নারীদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। সম্প্রতি তিনি আসামির স্ত্রীকে উত্ত্যক্ত করাসহ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ওসি ফিরোজ হোসেন বলেন, আদালতের কাছে আসামি জানান, তিনি ফেরি করে বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করায় মাঝেমধ্যে বাড়িতে থাকতে পারতেন না। এ সুযোগে রাজীব বেশ কয়েকবার তাঁর স্ত্রীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। সপ্তাহখানেক আগে তিনি সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় মেলায় পণ্য বিক্রি করতে যান। ওই দিন রাতে বাড়িতে না ফেরায় রাজীব তাঁর স্ত্রীকে আবার ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী অতিষ্ঠ হয়ে বিষয়টি তাঁকে জানান। এরপর ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে রাজীবকে ফোন করে বাড়ি থেকে বের করে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রাজীবের ব্যবহৃত স্মার্টফোনসহ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।