কক্সবাজারের উখিয়া থেকে একটি নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের তথ্যে জানা যায়, পথচারীরা দুর্গন্ধ টের পেয়ে একটি বস্তার ভেতরে লাশ দেখতে পান। খবর পেয়ে উখিয়া থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় রহিমা (৩০) বলে ধারণা করা হচ্ছে। তিনি জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমির হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, গত ৬ নভেম্বর রহিমার স্বামী জসিম উদ্দিন “ঘুরতে নিয়ে যাবেন” বলে রহিমাকে বাবার বাড়ি থেকে নিয়ে বের হন। এরপর থেকে রহিমা ও জসিম নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের অনুমান, স্ত্রীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে জসিম পালিয়ে গেছে।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং স্বামীর সন্ধান পাওয়া গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
খবরওয়ালা/টিএসএন



