রাজস্থানের জয়পুরে স্ত্রীর অতিরিক্ত বিলাসী চাহিদা মেটাতে না পেরে চাকরি ছেড়ে ডাকাতির পথে পা বাড়িয়েছেন এক নববিবাহিত যুবক। বিবিএ ডিগ্রিধারী এই যুবক বিয়ের কয়েকদিনের মধ্যেই অপরাধে জড়িয়ে পড়েন। আর বিয়ের মাত্র এক মাস পরই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
শনিবার (২৬ জুলাই) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় সম্প্রতি প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম পারিক, তিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, স্ত্রীকে খুশি রাখতে গিয়ে আর্থিক চাপে পড়ে চাকরি ছেড়ে অপরাধের পথ বেছে নিতে বাধ্য হন।
পুলিশ জানায়, পারিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরি করতেন। কিন্তু স্ত্রী বিলাসবহুল জীবনযাত্রা চাইতেন এবং তাকে অর্থনৈতিকভাবে চাপ দিতেন। এতে মানসিক চাপে পড়ে পারিক ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েন।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, যুবক আরও কোনো অপরাধে জড়িত ছিলেন কি না কিংবা তার কোনো সহযোগী ছিল কি না। এছাড়াও স্ত্রী এই অপরাধ সম্পর্কে জানতেন কি না, সেটিও তদন্তাধীন রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
খবরওয়ালা/টিএসএন



