স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় দুর্বৃত্তের হামলা, যুবদল নেতা নিহত

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিন্টু শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের ছেলে এবং কচুয়া উপজেলা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টুর দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ৮-১০ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে মিন্টুর ওপর হামলা চালায়। তারা প্রথমে তাকে বেধড়ক মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।”

এদিকে একই দিন সকালে বাগেরহাট শহরের পচা দিঘী এলাকা থেকে ভাসমান অবস্থায় সুমন্ত বিশ্বাস নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

দুই ঘটনার পর পুরো জেলায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।

খবরওয়ালা | এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।