কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎবাবা মুরাদ হোসেনের বিরুদ্ধে ৬ বছরের শিশু তাসিনকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার একটি পুকুর থেকে পথচারীরা শিশুটিকে জীবিত উদ্ধার করেন। তাসিন লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে যাওয়ার সময় দেখে তাসিনকে উদ্ধার করে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে থানায় নিয়ে যায়।
শিশু তাসিন জানায়, ৬-৭ মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমি ও বড় ভাই বিপ্লব মায়ের সঙ্গে ছিলাম। শনিবার সৎবাবা মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। সাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত ৯টার দিকে আমাকে পুকুরে ফেলে চলে যান। পরে এক লোক আমাকে উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, সময়মতো না দেখলে শিশুটিকে বাঁচানো যেত না। এমন নিষ্ঠুর কাজের কঠোর শাস্তি হওয়া উচিত।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে মুরাদ হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। শিশুটির মা, ভাই ও নানিসহ স্বজনরা থানায় উপস্থিত ছিলেন।
খবরওয়ালা/টিএসএন



