হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

সোমবার (২ জুন) ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া সাজেদুর রহমান ওমর নিহতের ঘটনায় দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে আজিজুল হক এবং আসামিপক্ষে তানভীর আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত মেননের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে শাহবাগ থানা-পুলিশ মনির হত্যা মামলায় রাশেদ খান মেননের ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মনির। ওইদিন গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন মনিরের স্ত্রী।

অন্যদিকে, ২১ জুলাই যাত্রাবাড়ীতে আন্দোলনে অংশ নেওয়া সাজেদুর রহমান ওমর গুলিবিদ্ধ হয়ে ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করা হয়।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।