যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে আবদুর রহমান (৬৫) নামে এক বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
শনিবার (২ আগস্ট) সকালে হাসপাতাল চত্বরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মুখ দিয়ে রক্ত বের হলে আব্দুস সাত্তার (৩২) নামের রোগীকে হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন সকালে ছেলেকে দেখতে যান তার বাবা আবদুর রহমান। ছেলের সঙ্গে দেখা শেষে হাসপাতালের নিচে লেবার ওয়ার্ডের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি।
পাশে থাকা তার বেয়াই নজরুল ইসলাম দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম জানান, “ছেলের সঙ্গে দেখা করে নিচে নেমে বহির্বিভাগের সামনে বসে গল্প করছিলাম। হঠাৎ করে বেয়াই মাটিতে লুটিয়ে পড়েন।”
খবরওয়ালা/টিএসএন



