‘১৩০টির বেশি পরমাণু ক্ষেপণাস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি’—পাকিস্তানের রেলমন্ত্রী

পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের ১৩০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘এমনি এমনি সাজিয়ে’ রাখা হয়নি; এগুলো বিশেষভাবে ভারতের জন্য সংরক্ষিত রয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত শনিবার (২৬ এপ্রিল) এক বক্তব্যে আব্বাসি বলেন, ‘এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোমাদের (ভারতের) দিকেই তাক করা আছে।’ তার এই মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ভারত ও পাকিস্তান ইতোমধ্যে তিনবার যুদ্ধ করেছে, যার মধ্যে দুটি সংঘাত ছিল কাশ্মীর ইস্যু কেন্দ্রিক। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে, যদিও বর্তমানে অঞ্চলটির ভিন্ন ভিন্ন অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এমন উত্তেজনার ফলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উল্লেখযোগ্য যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একসময় হিমালয় অঞ্চলকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান’ বলে উল্লেখ করেছিলেন।

পাকিস্তানের সামরিক নীতিমালা ‘ফুল স্পেকট্রাম ডিটারেন্স’-এর আওতায় ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে সম্ভাব্য হুমকির দ্রুত জবাব দেওয়া সম্ভব হয়।

অন্যদিকে, ভারতের ‘কোল্ড স্টার্ট ডকট্রিন’ দ্রুত আক্রমণ চালানোর কৌশল হিসেবে গৃহীত হয়েছে। দুই দেশের এই বিপরীতমুখী কৌশল সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

আন্তর্জাতিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, সাম্প্রতিক হামলার ভয়াবহতা, জনগণের চাপ এবং প্রতিরোধ শক্তি পুনর্গঠনের প্রয়োজনে ভারত কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে তিনি আশ্বস্ত করেছেন, পুরোপুরি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা এখনই নেই। তার মতে, ভারত সীমিত সামরিক পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলোর সক্ষমতা কমানোর দিকে নজর দিতে পারে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে যোগসূত্রের অভিযোগ তুলেছে, যদিও প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলার জের ধরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।