২০ নম্বর জার্সি জোতারই থাকবে, ওই জার্সি পরে মাঠে নামবে না আর কেউ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা ও তার ভাই ভাই আন্দ্রে। এতে ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসি অনেকেই জোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জোতার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাবটির সমর্থকেরা। ফুল হাতে নীরবে কান্না করেছেন ভক্তরা। লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জোতা। তার মৃত্যুর পর ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন সমর্থকরা। এমন দাবির পরিপ্রেক্ষিতে জোতার জার্সি ‘অমর’ হয়ে থাকবে বলে জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ। ওই জার্সির অমরত্ব ঘোষণা করেছে লিভারপুল। অর্থাৎ ২০ নম্বর জার্সি চিরকাল জোতারই থাকবে। ওই জার্সি পরে মাঠে নামবেন না আর কেউ।

এক বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তার অবদানের জন্য নম্বর ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটি ছিল তার জীবনের শেষ গোল। যা আজও হৃদয় ছুঁয়ে যায়।’

লিভারপুলের বিবৃতিতে জোতার জার্সিকে অবসরে পাঠানো এবং ভবিষ্যতে আর কেউ এই জার্সি পরবে কি না—সেটি স্পষ্ট না করলেও ভক্তদের অনেকে ক্লাবের এই বিবৃতিকে জার্সি অবসরে পাঠানোর ঘোষণা হিসেবে দেখছেন। একইভাবে অনেক সংবাদমাধ্যমও ‘অমর’ করে রাখাকে জার্সি অবসরে পাঠানোর সমার্থক হিসেবে দেখছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) জোতা তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখন শুধুই স্মৃতি।

লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। এছাড়া পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ জিতেছেন তিনি।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।