৩৮ লাখ টাকা দিয়েও ছেলেকে ফিরে পায়নি পরিবার

ইতালি যাওয়ার আশায় ঘর ছেড়েছিলেন মাদারীপুরের যুবক শাজাহান হাওলাদার (৩০)। দালালের প্রলোভনে পড়ে দেড় বছর আগে পাড়ি জমান লিবিয়ার পথে। কিন্তু আজ পর্যন্ত তার আর কোনো খোঁজ মেলেনি। ৩৮ লাখ টাকা দিয়েও ছেলেকে ফিরে পায়নি পরিবার।

নিখোঁজ শাজাহান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী গ্রামের বাসিন্দা। তার বাবা রহিম হাওলাদার জানান, দীর্ঘ সময় ধরে ছেলের কোনো খবর না পেয়ে তারা এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন—ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানেন না।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী মৃত বারেক বেপারীর ছেলে আমির বেপারী তাকে সরাসরি ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ১০ লাখ টাকা নেন। এরপর ২০২২ সালের ২ জুলাই শাজাহানকে দুবাই, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পরই তাকে অপহরণ করে মাফিয়ারা, চলে শারীরিক ও মানসিক নির্যাতন।

পরিবার জানায়, এরপর আরও কয়েক দফায় ভয় দেখিয়ে মোট ৩৮ লাখ টাকা নেয় দালালচক্র। সর্বশেষ ২০২৪ সালের ২১ মার্চ পরিবারের সঙ্গে শাজাহানের যোগাযোগ হয়েছিল। এরপর থেকে নিখোঁজ তিনি।

আত্মহারা বাবা রহিম হাওলাদার বলেন, “আমার ছেলেকে দালাল আমির লিবিয়ায় আটকে রেখে মারধর করেছে, ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন দেড় বছরেও তার কোনো খোঁজ নেই। আমি আমার ছেলেকে ফেরত চাই, দালালের বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত আমির বেপারী দাবি করেন, “আমি শাজাহান নামে কাউকে চিনি না। কে তাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, “মানবপাচার আইনে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।