খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 25শে শ্রাবণ ১৪৩২ | ৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় র্যাব-১৩ এর অভিযান চালিয়ে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. মাসুম (২৪) ও শুভ কুমার সাহা (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুম কুড়িগ্রাম সদর থানার হিঙ্গনরায় গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে এবং বাসচালক শুভ কুমার সাহা কুড়িগ্রামের নাগেশ্বরী থানার দেবীপুর গ্রামের বাসিন্দা মুকুল সাহায়ের ছেলে।
র্যাব-১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে র্যাব দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৮ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের সাতমাথা এলাকায় মেসার্স এনএম এন্টারপ্রাইজের সামনে রংপুর-কাউনিয়া সড়কে চেকপোস্ট স্থাপন করে।
অভিযানে হলুদ-সাদা মিশ্র রঙের শ্যামলী এন.আর. ট্রাভেলসের একটি বাসের বাম পাশের কেবিন থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসটি জব্দ এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়।
পরে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
খবরওয়ালা/এসআর