খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।
আসিফ নজরুল আরও বলেন, ‘আইন অনুযায়ী বিচারকাজ শুরু হওয়ার তিন সপ্তাহ সময় প্রস্তুতির জন্য ডিফেন্স আইনজীবীদের দিতে হয়। আমরা আশা করছি এই তিন সপ্তাহ সময় অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে।’
তিনি বলেন, ‘আদালতে (আন্তর্জাতিক অপরাধ আদালত) অব্যাহতভাবে শুনানি হয় বলে, সব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আশা করি। সেই হিসাবে অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম-খুনের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে তিন থেকে চারটি মামলার রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতাকর্মীসহ জড়িতদের আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘যদি পুরো বিচারকার্যটা ধরি, পুরো বিচারকার্যটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামী ও বিএনপির একজন নেতার বিচার হয় সেই বিচারকাজ শেষ করতে গড়ে কমপক্ষে আড়াই বছর লেগেছিল। এখানে আমাদের এই আদালতে অর্ধেকেরও কম সময় লাগছে।’
সময় কম লাগার কারণ তুলে ধরে আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রসিকিউশন টিম, তদন্ত টিম প্রচণ্ড নিষ্ঠার সঙ্গে দিনরাত কাজ করছেন। নিয়মিত খবর রাখছি। এ বিচারকার্যগুলো আরেকটু তাড়াতাড়ি হওয়ার আরেকটি কারণ হচ্ছে, বিচারগুলো হয়েছিল অনেক দিনের আগের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে। এখন যে বিচার হচ্ছে এটার সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে, যে কারণে আমরা আশা করছি এক বছরের মধ্যেই আমরা প্রথম কয়েকটি রায় পাবো।’
আগামী দু-একদিনের মধ্যে জাতিসংঘের তদন্ত টিমের প্রতিবেদন পাওয়া যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি এই রিপোর্টের ব্যাপারে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলবো না। তবে একটা জিনিস বলে রাখি, তাদের এই রিপোর্ট আমাদের তদন্ত কাজটাকে, বিচারকাজটাকে সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ ও সহজ করতে অনেক অবদান রাখবে।’
খবরওয়ালা/আরডি