রাজশাহীতে ডিবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

খবরওয়ালা মফস্বল ডেস্ক:  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত আমিনুল ইসলাম (৩৫) নামে  একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হেলেনাবাদ সরকারি কোয়ার্টার থেকে আমিনুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়ছে ।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগরে। বাবার নাম আজিম উদ্দিন প্রামাণিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।

পুলিশ জানিয়েছে, রাত তিনটার দিকে আমিনুল ইসলামের স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন করেন। পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায়। আমিনুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুল ইসলামের মনোমালিন্য ছিল। এর জেরে তিনি আত্মহত্যা করেছেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আশরাফুল আলম জানান, গ্রামের বাড়ি থেকে আমিনুলের পরিবারের লোকজন এসেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। এ ব্যাপারে তদন্ত চলছে। পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।