খবরওয়ালা মফস্বল ডেস্ক: রংপুরে অটোরিকশার ধাক্কায় আহত দারুল জান্নাত দিনা (১১) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। এ ঘটনায় আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্র্যাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফেরার পথে মাহিগঞ্জ-পাওটানা সড়কে অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়কে গতিরোধক, ট্র্যাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আমতলা বিদ্যাপীঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘জান্নাত এই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে ঘাতক অটোচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।’
রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ‘পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
খবরওয়ালা/জেআর



