আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ এ কর্মসূচির নামে রাস্তায় নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও উপস্থিতি জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার, তবে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জরুরি আলোচনা করতে আজই বৈঠকটি ডাকা হয়। এতে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে প্রচারণা চালাচ্ছেন—এ বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কিছু নেতা–কর্মীর ঢাকায় আগমনের তথ্যও শেয়ার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর এক প্রতিনিধি বৈঠকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর প্রস্তাব দেন, যা গৃহীত হয়। এছাড়া বৈঠকে বরিশাল অঞ্চলের দুই নেতার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে এবং তাদের আবারও সক্রিয় হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “১৩ নভেম্বরের ঢাকা লকডাউন নিয়ে কোনো উদ্বেগ নেই। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সেনা মোতায়েন সংক্রান্ত প্রশ্নে তিনি আরও জানান, “সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে; তাদের প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।