খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম
সংগীতপ্রেমীদের জন্য নতুন দ্বৈত গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশি শ্রাবণী। কলকাতার খ্যাতিমান সংগীতশিল্পী আকাশ সেনের সঙ্গে তাঁর গাওয়া নতুন মৌলিক গান ‘প্রেমিক ৪২০’ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে।
নতুন এই মেলোডিয়াস গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিম খান। গানের কথা লিখেছেন মুহাম্মাদ উসমান গণি। একই সাথে নির্মিত হয়েছে চমৎকার এক মিউজিক ভিডিও, যা পরিচালনা করেছেন মাসুম খান। ভিডিওতে দুই উদীয়মান মডেল তুহি শেখ ও রাফাকে অনস্ক্রিন রসায়নে অভিনয় করতে দেখা গেছে।
নতুন এই দ্বৈত গান নিয়ে বেশ আশাবাদী শিল্পী নিশি শ্রাবণী। তিনি বলেন:
“সব সময়ই শ্রোতাদের মনের মতো এবং মানসম্মত গান উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক ৪২০’ গানটি বানানোর পেছনে আমাদের পুরো টিমের অনেক পরিশ্রম ও আন্তরিকতা ছিল। আশা করছি গানটি শ্রোতা-দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।”
নিশি শ্রাবণী মূলত একটি জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-১’-এর মঞ্চ থেকে তুমুল পরিচিতি লাভ করেন। ওই প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ এবং ‘হাওয়া দমে দেখ তারে’-এর মতো জনপ্রিয় লোকগানগুলো গেয়ে তিনি বিচারকদের মন জয় করেন ও ‘বেস্ট পারফর্মার’ হিসেবে স্বীকৃতি পান।
পরবর্তীতে তাঁর গাওয়া মৌলিক গান ‘প্রেমে সুনামি’ ও ‘কলিজা খুইলা’ সামাজিক যোগাযোগমাধ্যম ও শ্রোতামহলে ব্যাপক সমাদৃত হয়।
চুয়াডাঙ্গার মেয়ে নিশি শ্রাবণী শিক্ষাজীবনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর কিছুদিন চাকরি করলেও সুরের প্রতি ভালোবাসার টানে পরবর্তীতে চাকরি ছেড়ে পুরোদমে গানকেই পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি বিভিন্ন স্টেজ শো, টেলিভিশন লাইভ পারফর্ম্যান্স এবং নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য, ‘প্রেমিক ৪২০’ গানটি এখন সব প্রধান প্রধান ডিজিটাল ও মিউজিক স্ট্রিম প্ল্যাটফর্মে শ্রোতাদের উপভোগ করার জন্য উন্মুক্ত করা হয়েছে।
মন্তব্য