খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
অবশেষে আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) থেকে ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসবভাতা পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষকরা। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ শুরু করেছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস প্রদান করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে, মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী এবং রুপালী ব্যাংককে খোলা রাখার জন্য অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং ব্যাংক কর্মকর্তাদেরও ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে জানানো হয় যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঈদুল ফিতরের আগেই তোলার সুবিধার্থে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে জানায় যে, শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালী—এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখা হবে।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। তবে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষার পর, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
খবরওয়ালা/আরডি