তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে আগামীকাল শনিবার (৮ মার্চ) ও রবিবার ( ৯ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা এক-দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবার সপ্তাহের শেষদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার (৭ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১২ ডিগ্রি সেলসিয়া। ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। শনিবার ও রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক-দুই ডিগ্রি বাড়তে পারে। তা ছাড়া সপ্তাহের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ কাজী জেবুর নেছা গণমাধ্যমকে জানান, শুক্রবার তুলনামূলক তাপমাত্রা কমই ছিল। শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষ দিকে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার পর সেসব অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে।
খবরওয়ালা/এসআর



