খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
শ্রীলঙ্কায় প্রবেশের আগে পর্যটকদের জন্য এখন থেকে ‘ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন’ (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।
এর আগে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা শ্রীলঙ্কায় পৌঁছে (অন-অ্যারাইভাল) নির্দিষ্ট ফি পরিশোধ করে ভিসা গ্রহণ করতে পারতেন।
ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, নতুন এই নীতিমালা বাংলাদেশসহ বহু দেশের নাগরিকের জন্য প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীরা এখন দুই উপায়ে ইটিএ বা ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এর জন্য আবেদন করা যাবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট eta.gov.lk/slvisa-তে। বিকল্পভাবে, সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে আবেদন জমা দিয়ে ইটিএ পাওয়া যাবে।
শ্রীলঙ্কার অভিবাসন ও ভিসা বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, পর্যটক, ব্যবসায়ী এবং ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই ইটিএ গ্রহণ করতে হবে।
ইটিএ সাধারণত ৩০ দিনের জন্য বৈধ থাকে এবং এটি পর্যটন বা ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য।
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেসব ভ্রমণকারী আগেই ইটিএ সংগ্রহ করবেন না, তাদের দেশে প্রবেশে জটিলতা হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে ফেরত পাঠানোও হতে পারে।
যেকোনো ধরনের অসুবিধা বা বিড়ম্বনা এড়াতে ভ্রমণকারীদের শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগেই ইটিএ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/টিএসএন