খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, ১:৫৮ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ৪ নম্বরে উঠে এসেছে ঢাকা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২২১। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। ২০৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এরপরই ঢাকার অবস্থান। ঢাকার বাতাসের মানের স্কোর ১৯১।
বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
খবরওয়ালা/ এমএজেড
মন্তব্য