আদালতে হাস্যোজ্জ্বল ইনু, চিন্তা করতে বারণ করলেন আইনজীবীদের

কুষ্টিয়া মডেল থানার পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৯ মার্চ) দুপুরে তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (৮ মার্চ) বিকেলে ঢাকা থেকে হাসানুল হক ইনুকে কুষ্টিয়া কারাগারে আনা হয়। রবিবার বেলা ২টা ৩৪ মিনিটে কড়া নিরাপত্তায় তাঁকে আদালত ভবনে নেওয়া হয়। সকাল থেকেই আদালত চত্বরে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এই সংসদ সদস্যকে দেখতে দলীয় শতাধিক নেতা–কর্মী ভিড় করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশের প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় ইনুকে আদালতে নেওয়া হয়। প্রিজন ভ্যান থেকে তাঁকে নামানোর পর দোতলায় আদালতের এজলাসে নেওয়া হয়। এসময় তাঁর হাতে কোনো হাতকড়া ছিল না। তবে শরীরে পুলিশের ভেস্ট পরানো ছিল। এজলাসের কাঠগড়ায় তিনি ৪ মিনিট দাঁড়িয়ে ছিলেন। সেখানে তাঁর আইনজীবীর সঙ্গেও কয়েকবার কথা বলেন। এজলাসের বাইরে বের হয়ে তিনি আবারও তাঁর আইনজীবীদের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন। এ সময় তিনি ওকালতনামায় স্বাক্ষরও করেন। সেখানে একপর্যায়ে ইনুকে বলতে শোনা যায়, ‘কোনো চিন্তা কইরেন না।’

বের হওয়ার সময় আদালত ভবনের নিচে একটু দূরে দাঁড়িয়ে থাকা দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে হাত নেড়ে ইশারা দেন ইনু। এ সময় তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যায়। এরপর প্রিজন ভ্যানে উঠে ২টা ৪৬ মিনিটের দিকে আদালত থেকে বের হওয়ার সময় কয়েকজন নেতা–কর্মী পেছন পেছন দৌড়ে হাত নেড়ে ইনুর দৃষ্টি আকর্ষণ করেন। তখন প্রিজন ভ্যানের ভেতর থেকে ইনুকে বলতে শোনা যায়, ‘এসব আমার লোক।’ প্রিজন ভ্যান দ্রুত বের হয়ে কুষ্টিয়া কারাগারের দিকে চলে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে এলে হামলার শিকার হন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর তিনি নিজে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু। এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়।

 

সূত্র: প্রথম আলো

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।