খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫
আজ ১৭ মে। বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক এবং স্মরণীয় একটি দিন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয়টি এসেছিল ১৯৯৮ সালের আজকের এই দিনেই। ভারতের অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হায়দরাবাদে কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের আজ ২৭ বছর পূর্তি!
ঐতিহাসিক সেই ম্যাচে যা ঘটেছিল
বাংলাদেশ দলের প্রথম ওয়ানডে জয়ের মূল নায়ক ছিলেন দুই ওপেনার আতহার আলী খান ও মোহাম্মদ রফিক। যদিও অলরাউন্ডার রফিক নিয়মিত ওপেনার ছিলেন না।
সেই ম্যাচে ওপেনিং করেছিলেন দ্বিতীয়বারের মতো। সেই ম্যাচে ওপেনার হিসেবে নেমে ৮৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন রফিক। নিয়মিত ওপেনার আতহার আলী করেন ৪৭ রান। দুজনের ১৩৭ রানের ওপেনিং জুটির সৌজন্যে কেনিয়ার দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ১২ বল আর ৬ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলে বাংলাদেশ দল। বোলিংয়েও রফিক নেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছিলো মোহাম্মদ রফিক।
সেই ম্যাচের সংক্ষিপ্ত স্কোর
কেনিয়া: ৪৯ ওভারে ২৩৬/১০ (রবি শাহ ৫২, হিতেশ মোদি ৪০ মোহাম্মদ রফিক ৩/৫৬, এনামুল হক ২/৪৫)। বাংলাদেশ: ৪৮ ওভারে ২৩৭/৪ (মোহাম্মদ রফিক ৭৭, আতহার আলী খান ৪৭; মোহাম্মদ শেখ ২/৪৬)। ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মোহাম্মদ রফিক।
খবরওয়ালা/এমএজেড