খবরওয়ালা স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
তালেবান শাসনের কারণে ২০২১ সাল থেকে আফগানিস্তানে নারীদের খেলাধুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ফলে দেশটির নারী ক্রিকেটাররা দেশ ছাড়তে বাধ্য হন। এমন পরিস্থিতিতে এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদেরকে খেলায় ফিরিয়ে আনার লক্ষ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ টাস্কফোর্স।
আইসিসির নতুন এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন সংগঠনটির চেয়ারম্যান জয় শাহ ‘পিচ আওয়ার ফিউচার’ নামে এই টাস্কফোর্সের অধীনে আফগান নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং মানসিক সহায়তার ব্যবস্থা করা হবে।
২০২০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত নারী ক্রিকেটার ছিলেন ২৫ জন। আইসিসির উদ্যোগে প্রাথমিকভাবে এই ২৫ জনকেই সহায়তার আওতায় আনা হচ্ছে। এদের মধ্যে ১৯ জন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, বাকিরা রয়েছেন ইংল্যান্ড ও কানাডায়। প্রত্যেককেই সহযোগিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আইসিসির।
এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আফগান নারী ক্রিকেটাররা ক্রিকেট দল গঠন করেছেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে মেলবোর্নে ‘ক্রিকেট উইদাউট বর্ডার্স’ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছেন।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন ,যে কোনো পরিস্থিতিতে থাকা ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। এ জন্য একটি বিশেষ তহবিল গঠনের পাশাপাশি সহযোগী দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।”
ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইতোমধ্যে এই উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। এদিকে, আফগানিস্তানে নারীদের খেলাধুলায় ফেরাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তালেবান সরকারের নারীবিরোধী নীতির প্রতিবাদে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না।
এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইসিসিকে চিঠি দিয়ে আফগানিস্তানের সদস্যপদ বাতিলের দাবি তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিল।
তবে, এখন পর্যন্ত আইসিসি আফগানিস্তানের বিরুদ্ধে কোনো বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। পরিবর্তে, তারা দেশটির নারী ক্রিকেটারদের স্বপ্ন বাঁচিয়ে রাখতেই এই টাস্কফোর্স গঠনের মতো সাহসী পদক্ষেপ নিয়েছে।
খবরওয়ালা/এমবি