আমার প্রতি বৈষম্য করা হচ্ছে: ব্যারিস্টার সুমন

নিজেকে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন। 

সোমবার (৭ এপ্রিল) বিকালে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। তিনি নিজেই নিজের পক্ষে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতের রায়ের পর সুমনকে কারাগারে নেয়ার পথে এসব কথা বলেন তিনি।
এর আগে বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আদালতের হাজিরা শেষে বিকাল সোয়া ৪টার দিকে তাঁকে আবার জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে সুমনের নির্দেশে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আহত হন। পরে সুমনকে ঢাকায় গ্রেফতার করা হলে চুনারুঘাট থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।