জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রবিবার (২৪ আগস্ট) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, তাকে ঢাকায় এনে আজই আদালতে তোলা হবে।
গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।” গাড়িতে তোলার আগে তিনি জানান, এটি তার দাদার বাড়ি এবং তার বাবা গ্রেপ্তার হওয়ার পর তিনি দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন। তিনি আরও বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই মামলার ২২ নম্বর আসামি এবং তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে।
খবরওয়ালা/টিএসএন



