আমেরিকান এয়ারলাইন্স বিমান উড্ডয়নের আগমুহূর্তে আগুন

১৭৩ যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ বিকট শব্দের পর আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (২৬ জুলাই) এ ঘটনা ঘটে। বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ডেনভার থেকে মিয়ামিগামী ফ্লাইট ৩০২৩ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ দুপুর ২টা ৪৫ মিনিটে উড়াল দেওয়ার কথা ছিল। রানওয়েতে গতি নেওয়ার সময়েই বিকট শব্দ শোনা যায় এবং বিমানের পেছনের দিক থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। পাইলট দ্রুত গতি থামিয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। এরপর যাত্রীদের স্লাইড ব্যবহার করে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী মার্ক সর্কিস সিবিএসকে বলেন, “বিমানটি যখন উড়াল দেওয়ার জন্য ছুটছিল, তখনই বিকট শব্দ হয়। আমি তখনই বুঝেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। সৌভাগ্যবশত, আমরা তখনো আকাশে উঠিনি।”

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এক বিবৃতিতে জানায়, ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ার পরই ফ্লাইটটির উড্ডয়ন বাতিল করা হয়। আমেরিকান এয়ারলাইন্স জানায়, মূলত এক টায়ারের ত্রুটির কারণেই এই ‘মেইনটেন্যান্স ইস্যু’ দেখা দেয় এবং বিমাটিকে তাৎক্ষণিক পরিষেবার বাইরে রাখা হয়েছে।

এই ঘটনার কারণে ডেনভার বিমানবন্দরে বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত আগত সব ফ্লাইটের ওপর সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়। এতে অন্তত ৩০৬টি ফ্লাইটে দেরি হয়। পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চেও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইঞ্জিন সমস্যার কারণে ডেনভারে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।