খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫
নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ৭ তলায় লিফটের রেলিং চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)।
রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের সরিষা হাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহিদুলের মোড় এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে ছিলেন। তিনি পেশায় একজন বাস কন্ডাক্টর ছিলেন।
প্রত্যক্ষদর্শী রনি জানান, দেলোয়ার হোসেন চুরি করার উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ৭ তলায় ওঠে। সেখানে লিফটের রেলিং চুরির চেষ্টা করতে গিয়ে তার পা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে নিচে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তার মৃত্যু হয়। দেলোয়ারকে মৃত অবস্থায় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক বুলবুল আহমেদ বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা খবর দিলে আমরা হাসপাতালে গিয়ে দেলোয়ার হোসেনকে মৃত অবস্থায় পেয়েছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
খবরওয়ালা/আরডি