আসামে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, দায় স্বীকার করল উলফা–আই

ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় একটি সেনা ক্যাম্পে বন্দুকধারীর হামলায় তিন সেনাসদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে এ হামলা ঘটে, খবর দিয়েছে কর্তৃপক্ষ। সরকারের দাবি, সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মধ্যরাতের দিকে চলন্ত একটি গাড়ি থেকে কাকোপাথার এলাকার সেনা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দায়িত্বরত সেনাসদস্যরা সঙ্গে সঙ্গে এবং দক্ষতার সঙ্গে পাল্টা ব্যবস্থা নিয়েছে। ক্যাম্পের আশপাশের বেসামরিক বাড়িঘরে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। তবে সেনাসদস্যরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় হামলাকারীরা পালাতে বাধ্য হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় কেউ গুরুতর আহত হননি। শুধু তিনজন সেনা সামান্য আহত হয়েছেন।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাটি বিপদমুক্ত করা হয়েছে। পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেন্ডেন্ট (উলফা–আই) এক বিবৃতিতে সেনা ক্যাম্পে হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীর দাবি, ‘অপারেশন ভেঞ্জেন্স’ নামের একটি অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ঘটনার পর তিনসুকিয়া পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) অভিজিৎ গৌরব দিলীপের নেতৃত্বে পুলিশের একটি দল সেনা ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছে। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে এসএসপির মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।

পরে অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে তেঙ্গাপানি এলাকায় ফেলে রাখা অবস্থায় একটি ট্রাক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ট্রাকটি ব্যবহার করেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনী ও আসাম পুলিশের যৌথ দল কাকোপাথার এলাকা এবং অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।