ইঁদুরের দৌরাত্ম্যে দিল্লিগামী ফ্লাইট ছাড়লো ৩ ঘণ্টা দেরিতে

নির্ধারিত সময়ে সকল যাত্রী বিমানে উঠে পড়েছেন। সবাই যে যার সিটে বসেও পড়েছেন। এবার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই বিমানের কেবিনে ঢুকে পড়ে একটি ছোট ইঁদুর। আর শুধু ঢুকে পড়েছে তাই নয়, রীতিমতো কেবিনে দৌরাত্ম্য শুরু করে দেয়, যা একজন যাত্রীর নজরে আসে। এর পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ইঁদুর ধরা হয়। শেষমেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভারতের উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে বেসরকারি এয়ারলাইন্স ইন্ডিগোর দিল্লিগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার কানপুর থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটটি দুপুর ২টা ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ১৪০ জন যাত্রী বিমানে উঠে পড়েছিলেন। এমন সময়ে হঠাৎই একজন যাত্রী লক্ষ্য করেন, বিমানের ভিতরে একটি ইঁদুর ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে তিনি বিমানকর্মীদের বিষয়টি জানান।

ওই যাত্রীর কাছ থেকে খবর পাওয়ার পরে বিমান কর্তৃপক্ষ আর কোনো ঝুঁকি নেননি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এর পরে ইঁদুর ধরার অভিযানে নামেন বিমানেরকর্মীরা। কিন্তু এত বড় বিমানের ভিতরে ছোট প্রাণীকে খুঁজে বের করা ছিল বেশ কঠিন কাজ। দেড় ঘণ্টা ধরে এ ভাবেই ইঁদুর খোঁজার কাজ চলে। পরে প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বিমানটি কানপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়।

কানপুর বিমানবন্দরের মিডিয়া ইন-চার্জ বিবেক সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার জন্যই তাদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল।

তবে এটাই প্রথম নয়। এর আগে, গত ২৫ জুন একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটেছিল। মুম্বাই থেকে ব্যাংককগামী সেই ফ্লাইটের পাখার ভিতরে একটি পাখির বাসা পাওয়া গিয়েছিল। সেই কারণে তিন ঘণ্টারও বেশি সময় পরে বিমানটি ছেড়েছিল।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।