ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন।

আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।

গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে।

হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।

আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড। টেবিলে পাঁচে থাকা কভেন্ট্রির বিপক্ষে ম্যাচটি মিস করতে চাইবেন না তিনি। তাই তার তড়িঘড়ি করে ফিরতে হচ্ছে ক্লাবে যোগ দিতে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।