খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫
ইউরোপে ভ্রমণ করতে চাইলে এবার আর পাসপোর্টে সিল লাগবে না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সীমান্তে চালু হতে যাচ্ছে নতুন বায়োমেট্রিক চেক ব্যবস্থা—‘এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস)’। আগামী ১২ অক্টোবর থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে।
নতুন এই ব্যবস্থায় ইইউ-এর বাইরের দেশ যেমন যুক্তরাজ্যের নাগরিকদেরও আঙুলের ছাপ ও মুখের ছবি দিতে হবে সীমান্ত অতিক্রমের সময়। একবার তথ্য দিলে তা তিন বছর পর্যন্ত বৈধ থাকবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত জটিলতায় বহুবার পিছিয়ে যাওয়া এই প্রকল্প এবার ধাপে ধাপে বাস্তবায়ন হবে। পুরোপুরি চালু হতে সময় লাগবে আগামী বছরের ১০ এপ্রিল পর্যন্ত।
ইউরোপের বিমানবন্দর, বন্দর ও ট্রেন স্টেশনগুলোতে বসানো হবে বিশেষ বুথ। এসব বুথে যাত্রীরা স্ক্যান করে জমা দিতে পারবেন আঙুলের ছাপ ও মুখের ছবি। যাদের ই-পাসপোর্ট আছে, তারা ই-গেট ব্যবহার করতে পারবেন আগের মতোই। প্রথমবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে। তিন বছর পর আবার তথ্য আপডেট করতে হবে। তবে ইউরোপে ৯০ দিনের বেশি সময় থাকলে যাত্রীদের তথ্য ৫ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে।
ফ্রান্সের সীমান্ত নিরাপত্তা বর্তমানে যুক্তরাজ্যের ভেতরে বসেই পরিচালিত হয়। ফলে ইংল্যান্ড থেকে ইউরোপে গাড়ি করে যাওয়া যাত্রীদের জন্য থাকবে হাতে ধরার (হ্যান্ডহেল্ড) ডিভাইস দিয়ে রেজিস্ট্রেশনের সুবিধা।
চলতি বছরের মে মাসে একটি চুক্তির ফলে, ইইএস চালুর পর বৃটেনের নাগরিকরা ইইউ-এর ই-গেট ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে জার্মানি ও বুলগেরিয়ার মতো কিছু দেশ এ সুবিধা দিচ্ছে।
ইইউ বলছে, নতুন এই প্রযুক্তির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা যেমন জোরদার হবে, তেমনি নিয়মিত যাত্রীদের জন্য ভ্রমণ হবে আগের চেয়ে সহজ। তবে শুরুতে ভ্রমণকারীদের কিছুটা প্রস্তুতি নিতে হবে নতুন এই প্রক্রিয়ায় অভ্যস্ত হওয়ার জন্য।
খবরওয়ালা/এন