ইউরোপ সেরার লড়াই শুরু আজ, চ্যাম্পিয়ন্স লিগে যুক্ত হলো নতুন চার নিয়ম

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের মূল পর্ব আজ রাত থেকেই মাঠে গড়াচ্ছে। গত বছরের রোমাঞ্চকর ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার ট্রফি উঁচিয়ে ধরেছিল পিএসজি। লুইস এনরিকের শিষ্যরা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে, তবে তাদের পথটি একেবারেই সহজ হবে না। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিগুলোও ছেড়ে কথা বলবে না। ৩৬টি দলের এই লিগ পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে, যার শীর্ষ আটটি দল সরাসরি শেষ ১৬-তে জায়গা করে নেবে। তবে লড়াইয়ের মাঠের রোমাঞ্চ বাড়াতে এবার উয়েফা নিয়মনীতিতে এনেছে বেশ কিছু চোখধাঁধানো পরিবর্তন।
সময় নষ্ট বন্ধে মাঠের কড়াকড়ি
ম্যাচের অহেতুক বিলম্ব ঠেকাতে এবার উয়েফা বেশ কঠোর অবস্থান নিয়েছে। কোনো ফুটবলার বদলি হওয়ার সংকেত পাওয়ার পর থেকে মাঠ ছাড়তে সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় পাবেন। এর ব্যতিক্রম হলে বদলি খেলোয়াড়কে মাঠে নামার জন্য পরবর্তী বিরতি পর্যন্ত বা অন্তত এক মিনিট অপেক্ষা করতে হবে। এ ছাড়া থ্রো-ইন কিংবা গোলকিক নেওয়ার ক্ষেত্রে রেফারি চাইলে পাঁচ সেকেন্ডের গণনা শুরু করতে পারবেন। নির্ধারিত সময়ে শট না নিলে থ্রো-ইনের মালিকানা চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর গোলকিক বিলম্বের জন্য প্রতিপক্ষ দল পেয়ে যাবে কর্নার। চোটের ভান করে খেলা থামানো রুখতে যেকোনো চিকিৎসার পর খেলোয়াড়কে মাঠের বাইরে কমপক্ষে এক মিনিট অবস্থান করতে হবে, যদিও গোলরক্ষকদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে।
ভিএআরের আওতা বৃদ্ধি
২০২৬-২৭ মৌসুম থেকে উয়েফা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের কার্যকারিতা আরও বাড়িয়ে দিয়েছে। এখন থেকে ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হলে অথবা ভুলবশত দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হলে তা সংশোধনে ভিএআর মনিটর ব্যবহার করা যাবে। এ ছাড়াও কর্নার বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের ফাউল এবং গোলকিক থেকে হওয়া সম্ভাব্য হ্যান্ডবলের স্পষ্টতার ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।
মুখ ঢাকার বিবাদে বিশেষ সিদ্ধান্ত
গত ফেব্রমাসে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি জার্সি দিয়ে মুখ ঢেকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বিতর্কিত মন্তব্য করার পর বিতর্ক চরমে ওঠে। তদন্ত শেষে প্রেস্তিয়ান্নি নিষিদ্ধ হলেও বিষয়টিকে নজরদারিতে আনে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো। ফিফা তাদের টুর্নামেন্টে ঝগড়ার সময় মুখ ঢাকলে সরাসরি লাল কার্ডের নিয়ম করলেও উয়েফা অতটা কঠোর হচ্ছে না। ইউরোপীয় প্রতিযোগিতায় কোনো খেলোয়াড় অসদুপায়ে মুখ ঢাকলে তাকে রেফারি হলুদ কার্ড দেখাবেন এবং পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে উয়েফা শাস্তি দিতে পারবে।
হলুদ কার্ড ও কার্ড বাতিলের নতুন বিধান
আগে টানা তিনটি হলুদ কার্ডের জন্য ফুটবলারদের এক ম্যাচের নিষেধাজ্ঞা পোহাতে হতো। তবে চলতি মৌসুমে নতুন নিয়ম অনুযায়ী, প্রথম নিষেধাজ্ঞা আসবে চতুর্থ হলুদ কার্ডের পর। পরবর্তী নিষেধাজ্ঞাগুলো আসবে যথাক্রমে ষষ্ঠ, অষ্টম ও দশম কার্ডের জন্য। কোয়ার্টার ফাইনালের পরেই পূর্বের জমানো সব হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে, যার ফলে খেলোয়াড়রা নির্ভার হয়ে ফাইনাল খেলার সুযোগ পাবেন।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।